রূপগঞ্জে তিতাসের ভাল্ভ স্টেশনে মেরামত কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ,নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দিঘি বরাব এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি ভাল্ভ স্টেশনের গ্যাস–সংযোগে ছিদ্র তৈরি হয়েছে। সংযোগ মেরামতের জন্য আজ সোমবার বিকেল থেকে রূপগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।এ সম্পর্কে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ বিপণন শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, সংযোগ মেরামত শেষে সোমবার রাতের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু করা হবে।
রূপগঞ্জে তিতাসের ভাল্ভ স্টেশনে মেরামত কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল সাড়ে চারটার দিকে ভাল্ভ স্টেশন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। প্রায় ৫০০ মিটার দূর থেকেও গ্যাস বের হওয়ার শব্দ শোনা যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভাল্ভ স্টেশনে ছুটে আসেন। পরে তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস সরবরাহ বন্ধ করে দেন।খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে গ্যাস সরবরাহ বন্ধের পর উপজেলার তারাব, বরাব, যাত্রামুড়া, রূপসী, মুড়াপাড়া, মাছিমপুর, মিরকুটিরছেও, ভুলতা, পাচাইখা, শোনাব,
গোলাকান্দাইল, শাওঘাট, সিংলাব, মিয়াবাড়িসহ কিছু এলাকায় চুলা জ্বলছে না। এতে ওই সব এলাকার তিতাস গ্যাসের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।তারাব এলাকার বাসিন্দা মাহমুদ হাসান বলেন, ‘গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছে। এর আগে গত ২৭ এপ্রিল একটি সংযোগে ছিদ্র দেখা দিলে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এ ছাড়া আড়াইহাজারের একটি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস–সংযোগ স্থাপনের জন্য ২৪, ২৫ ও ২৬ এপ্রিল আমাদের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
বারবার এ ধরনের ভোগান্তি পোহাচ্ছে।’গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মেজবাউর রহমান বলেন, ‘বিশ্ব শ্রমিক দিবসের ছুটির কারণে শিল্পকারখানা বন্ধ থাকায় গ্যাসের অতিরিক্ত চাপ তৈরি হয়ে ছিদ্র তৈরি হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে সংযোগ মেরামতের চেষ্টা করছি। রাত ১২টার মধ্যে গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করছি।’মেজবাউর রহমান আরও বলেন, বিকেল সাড়ে চারটার দিকে ভাল্ভ স্টেশনের ভেতরে গ্যাস সরবরাহের সংযোগ ফেটে লিকেজ সৃষ্টি হলে যাত্রামুড়া বিপণন
বিভাগের কার্যালয়ের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পাঁচটার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে সংযোগ মেরামতের কাজ শুরু করা হয়। এতে রূপগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
