খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই নভেম্বর ২০২৪, ৪:৫০ পিএম
সুতার কারখানায় আগুন – নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সুতার কারখানা ও গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী রিপন মিয়া জানান, উপজেলার যাত্রামুড়া এলাকায় ফ্রেন্ডস নামে তার একটি সুতা তৈরির কারখানা রয়েছে। তার পাশে উজ্জ্বল নামে এক ব্যক্তির তুলার গুদাম রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই উজ্জ্বলের তুলার গুদামে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পাশের সুতা কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা তিন টন সুতা ও মেশিনারিজসহ সব যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সাড়ে সন্ধ্যা ৭টার দিকে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ইউনুস পেপার মিলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট মিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী রিপন মিয়া দাবি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, “কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়ে ফেলেছে। পরে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।”
মন্তব্য